মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে ভাবছেন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে প্রায় ৯ হাজার সেনা ও তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ইসরায়েলগামী একটি ফ্লাইটে এক সহকারী পাইলট তার ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টার ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এমন যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে ওই ঘটনার যোগসূত্র প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে এবং তাদের ওপর খুব কঠোর হামলা হবে।



