অভিনেতা, পরিচালক ও চিত্রকর আফজাল হোসেন বলেছেন, ‘শুধু স্কুলের বই পড়ে মানুষ বড় হয়নি, হতে পারে না।’ তিনি ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশনে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’-এর উদ্বোধনী দিনে এ কথা বলেন। আজ সোমবার শুরু হওয়া এই আয়োজন কাল মঙ্গলবারও চলবে। ‘ছোটকাকু’ চরিত্রটি ১৫ বছর আগে বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় আসে। আফজাল হোসেন এই জনপ্রিয় চরিত্রটিকে পর্দায় প্রাণ দিয়েছেন।
আয়োজন নিয়ে আফজাল হোসেন বলেন, বই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু স্কুলের বই নয়, জীবনের অগ্রগতির জন্য বইয়ের কাছে আসা জরুরি। তিনি ‘ছোটকাকু’কে একটি আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে দেশপ্রেম, বুদ্ধিমত্তা ও কৌতূহল জাগানো হবে। উৎসবে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের নিজেদের পরীক্ষা করার সুযোগ থাকবে, যেখানে জয়-পরাজয়ের চেয়ে আনন্দই মুখ্য।




