রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের হোপ মার্কেট এলাকা থেকে হকার ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের সময় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযান শুরু করলে হকার ও দোকানিদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশন কর্মীদের সংঘর্ষ হয়। এতে ডিএনসিসির তিনটি গাড়িতে আগুন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন।
পরে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের উপস্থিতিতে মিরপুর ১০ থেকে মিরপুর ১৩ পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতের ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এই ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। উচ্ছেদের পর সড়ক ও ফুটপাত ফাঁকা হওয়ায় পথচারীরা স্বস্তি প্রকাশ করলেও কেনাকাটা করতে আসা অনেকে আক্ষেপ করেছেন।




