জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ এবং ধারাবাহিক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করেন। নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।





