দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা তামিল পরিচালক পা রঞ্জিতের নতুন ছবি ‘ভেটুভাম’-এ এক নতুন রূপে হাজির হচ্ছেন। এই ছবিতে তাকে মার্শাল আর্ট বা শারীরিক কসরত ভিত্তিক মারামারিতে দেখা যাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, এই অভিজ্ঞতা তার কাছে এতটাই উপভোগ্য যে তিনি এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
‘ভেটুভাম’ একটি অ্যাকশন ও সায়েন্স-ফিকশন নির্ভর ছবি, যার গল্প তিনটি ভিন্ন সময়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই ছবির জন্য শোভিতাকে প্রথমবার মার্শাল আর্ট শিখতে হয়েছে। তিনি মনে করেন, ভারতের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট যেমন কালারিপায়াত্তু সবারই চেষ্টা করে দেখা উচিত। এই প্রশিক্ষণ কেবল শরীরকেই নয়, মনকেও সতেজ করেছে বলে তিনি জানান।









