কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (প্রায় ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি ইট বিছানো সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো হতে পারে।
সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় শিয়ালগুলো একটি বস্তু ঘিরে টানাটানি করতে দেখে। কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায় এবং তিনি ঘাস ও খড় দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।






