বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) জরুরি ভিত্তিতে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফআইইউর পাঠানো বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি তাঁর হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে। এই বার্তা উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এবং এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।




