রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সালমান বলেছেন, বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনে এই ঘটনা ঘটছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, তিনি কি নিজে কোনোভাবে আত্মবিশ্বাসী নন? তার মধ্যে কি একটু লজ্জা কাজ করে না?
এর আগে, দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যটি ঢালাও অভিযোগ। তিনি আরও বলেন, সালমান ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এ ঘটনায় কোনো মামলা করেননি। জবাবে সালমান বলেন, তিনি এই ঘটনার জন্য কাউকে দায়ী না করে বরং দেশের নাগরিক হিসেবে অসহায়ত্বের কথা বলেছেন। তিনি কোনো আর্থিক সহায়তা বা স্টুডিও পুনর্নির্মাণ চান না।




