সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যুর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
নতুন নিয়ম অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা দিনে সর্বোচ্চ ১০টি পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব ও অন্যান্য সিনিয়র সচিব বা সচিবরা পাঁচটি, অতিরিক্ত সচিব তিনটি এবং যুগ্মসচিব দুটি পাস ইস্যু করতে পারবেন। এছাড়া, বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে এবং প্রতিটি ভবনে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।











