রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে এ কথা জানান। প্রশাসক দাবি করেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ছিল পরিকল্পিত এবং এতে ফ্যাসিবাদের দোসররা জড়িত। তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রেখেছিল, তারাই সিটি করপোরেশনের গাড়ি, সাংবাদিক ও পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ডিএনসিসি মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে। অভিযান চলাকালে ব্যবসায়ীরা ডিএনসিসির গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হন।






