রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের গাড়িতে আগুন এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। বুধবার সকালে উচ্ছেদ অভিযান চলাকালে একটি ভবনে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের পর হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির এক ক্যামেরাপারসনসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী হামলার শিকার হন। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ঘটনার পর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।






