ভারতের দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এআইএসএ, এসএফআই, এনএসইউআইসহ বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভে অংশ নেন। পুলিশের বরাতে জানা গেছে, বিক্ষোভের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি এবং ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আন্দোলনের সময়ও দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল।





