বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ১১৪.৯৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এটি আগের তিন মাসের তুলনায় ৩.৬৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনের শেষে সরকারি খাতের বৈদেশিক ঋণ ছিল ৯৫.১০ বিলিয়ন ডলার, যা আগের প্রান্তিকের চেয়ে প্রায় ৪১৯ কোটি ডলার বেশি। একই সময়ে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ ১৪ কোটি ডলার কমে ১৯.৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
মোট বৈদেশিক ঋণের ৮৭.৫২ শতাংশই ছিল দীর্ঘমেয়াদি, যার পরিমাণ ১০০.৬৪ বিলিয়ন ডলার। স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ছিল ১৪.৩৫ বিলিয়ন ডলার। ঋণদাতার ধরন অনুযায়ী, বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল ৪৮.৯৬ বিলিয়ন ডলার, দ্বিপক্ষীয় ঋণ ৩২.৫৪ বিলিয়ন ডলার, বাণিজ্যিক ঋণ ১০.৬০ বিলিয়ন ডলার এবং আইএমএফের ঋণ ছিল ৫.৯৭ বিলিয়ন ডলার।






