ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার অলিভিয়ের জিরুদ তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাতে পারেন। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড একসময় তার দখলে থাকলেও বর্তমানে কিলিয়ান এমবাপ্পে সেই রেকর্ড অতিক্রম করেছেন।
জিরুদ ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, খুব সম্ভবত এটাই আমার শেষ মৌসুম।' তিনি বর্তমানে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলেও জানান। জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৫৭ গোল করা জিরুদ ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ক্লাব ফুটবলেও তিনি মন্টপেলিয়ার, এসি মিলান এবং চেলসির হয়ে লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।




