ভারতের ওয়ানডে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে কোহলিকে কিছু বোঝানোর প্রয়োজন দেখছেন না রোহিত। তিনি বলেন, এ নিয়ে তাদের মধ্যে আলাদা করে কোনো আলোচনাও হয় না। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়ে ভারতের হয়ে এখন কেবল ওয়ানডে খেলছেন রোহিত ও কোহলি।
রোহিত বলেন, “সে বহু বছর ধরে খেলছে। তাকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার দরকার নেই। আমি নিশ্চিত, যারা দলে থাকবে, তারা সবাই বিশ্বকাপের গুরুত্ব বোঝে, বিশেষ করে কোহলি। সে চারটি বিশ্বকাপ খেলেছে, এবার তার পঞ্চম বিশ্বকাপ হবে। এ নিয়ে আমাদের মধ্যে আলাদা করে কোনো আলোচনা হয় না। আমাদের আলোচনা থাকে কীভাবে আমরা ভালো করতে পারি, সেটি নিয়ে।”



