ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ২০২৪-২৫ মৌসুমের নেশন্স লিগে খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া ক্লাবগুলোকে মোট ৩ কোটি ১৫ লাখ ইউরো প্রদান করবে। উয়েফা ক্লাব বেনিফিটস প্রোগ্রামের আওতায় এই অর্থ বিতরণ করা হবে, যা উয়েফা ও ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের (ইএফসি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতার অংশ।
এই অর্থ ১০ কোটি ৪০ লাখ ইউরোর একটি তহবিলের অংশ, যা ২০২৪-২৫ ও ২০২৬-২৭ নেশন্স লিগ এবং ২০২৮ ইউরোর বাছাইপর্বে অংশগ্রহণকারী ক্লাবগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। জার্মানির ক্লাব আরবি লাইপজিগ সর্বোচ্চ প্রায় ৩ লাখ ৫৩ হাজার ইউরো পাবে তাদের ১৬ জন খেলোয়াড়ের অংশগ্রহণের জন্য।



