চিকিৎসাবিজ্ঞান ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, দীর্ঘায়ুর এই যুগে প্রবীণ নাগরিকদের জীবনমান উন্নয়নে নতুন করে চিন্তাভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, বার্ধক্য জীবনের স্বাভাবিক অংশ এবং প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, সংবিধান অনুযায়ী প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকার বয়স্ক ভাতা খাতে বরাদ্দ বৃদ্ধি ও সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং পরিবারগুলো প্রবীণদের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা পালন করবে।







