স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক নতুন গবেষণায় দাবি করেছেন যে মানুষের মস্তিষ্ক একটি অঙ্গ নয়, বরং দুটি পৃথক অঙ্গ হিসেবে বিকশিত হয়েছে। কোটি কোটি বছর আগে মস্তিষ্কের দুটি প্রাচীন স্নায়ুতন্ত্র স্বতন্ত্রভাবে বিবর্তিত হয়েছিল। মস্তিষ্কের হাইন্ডব্রেইন শ্বাস-প্রশ্বাস, ঘুম ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, অন্যদিকে ফোরব্রেইন ও মিডব্রেইন ভাষা, চেতনা ও অবচেতন চিন্তার মতো উচ্চতর কার্যাবলী নিয়ন্ত্রণ করে।
গবেষকরা দেখেছেন যে মস্তিষ্কের সামনের অংশ পেছনের অংশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি প্রজেনিটর কোষ থেকে তৈরি হয়। এই আবিষ্কারের ফলে বিজ্ঞানীরা প্রথমবারের মতো পরীক্ষাগারে কার্যকর হাইন্ডব্রেইন মোটর নিউরন তৈরি করতে সক্ষম হয়েছেন, যা স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি ও এএলএসের মতো রোগের গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








