অভিনেত্রী কুব্রা সাইত সম্প্রতি বলিউড অভিনেতা গোবিন্দ ও কোমল রানি স্বর্ণকরের সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন শুধুমাত্র গুঞ্জনের ভিত্তিতে মানুষকে বিচার করা হচ্ছে। গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার মন্তব্যের পর এই বিতর্ক আরও বেড়েছে। কুব্রা সাইত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় বলেন, নব্বইয়ের দশকে গোবিন্দার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, অথচ এখন যেকোনো নারীর পাশে তাকে দেখলেই তাকে প্রেমিকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
কুব্রা সাইত, যিনি নিজেকে গোবিন্দার ভক্ত হিসেবে পরিচয় দিয়েছেন, তিনি আরও বলেন যে ব্যক্তিগতভাবে গোবিন্দাকে না চিনলেও তার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দেখা হয়েছে এবং তিনি সুনীতাকে একজন স্পষ্টভাষী ও অসাধারণ নারী হিসেবে প্রশংসা করেন। তবে তার আপত্তি হলো, গুজবের ব্যাখ্যা দিতে কেন বারবার নারীদেরই সামনে আসতে হবে। তিনি মনে করেন, তারকা হলেই ব্যক্তিগত জীবন নিয়ে ইচ্ছেমতো মন্তব্য করার অধিকার কারো নেই এবং নারীর প্রতি সম্মান প্রতিদিনের জীবনেও থাকা উচিত। গোবিন্দ অবশ্য দাবি করেছেন, কোমলের সঙ্গে তার সম্পর্ক পেশাগত এবং এই গুঞ্জন পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।







