ওয়ার্নার ব্রাদার্স ‘গেম অব থ্রোনস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে। ২০২৯ সালের ১ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। ওয়েন হ্যারিস পরিচালিত এবং বিউ উইলিমন চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন। এটি জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাসের জগৎ থেকে নির্মিত হচ্ছে, যেখানে টারগারিয়েন রাজবংশের শাসনের শুরুর সময় এবং রাজা এগন প্রথমের ওয়েস্টেরস জয়ের কাহিনি তুলে ধরা হবে।
চলচ্চিত্রটি ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’, ‘ব্ল্যাক মিরর’ এবং ‘হাউস অব কার্ডস’-এর মতো কাজের অভিজ্ঞতাসম্পন্ন নির্মাতাদের দ্বারা নির্মিত হচ্ছে। যদিও সিনেমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বইয়ের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ার আশঙ্কা নিয়ে লেখক জর্জ আর আর মার্টিন কিছুটা সতর্ক ছিলেন, তবে এবার পরিচিত কল্পজগতের নতুন অধ্যায় সিনেমার পর্দায় শুরু হতে যাচ্ছে।







