জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে ঢাকার চারটি বারে একযোগে তল্লাশি চালিয়েছে। আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ ও ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—এই চারটি প্রতিষ্ঠানে অভিযান চলছে।
শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চারটি দল এই অভিযানে যুক্ত রয়েছে। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন, তল্লাশি, নথিপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী পণ্য আটকের কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে এসব প্রতিষ্ঠানে মজুত থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের বৈধতা এবং প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের বিষয়টি যাচাই করা হচ্ছে।




