দুই বছরের বেশি সময় পর ১৯ বছর বয়সী অটোরিকশা চালক রাহুল হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইয়াবা কেনাবেচা ও সেবনের সূত্র ধরে পূর্বপরিচিত রাহুলকে ইয়াবা সেবনের পর লোহার অ্যাঙ্গেল, ব্লেড ও অটোরিকশার ব্যাটারি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গরুর খামারে দুই দিন রেখে অটোরিকশাটি বিক্রি করে দেওয়া হয়।
২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাতে রাহুলকে ওয়ার্কশপে ডেকে নিয়ে হত্যা করা হয়। ৯ ফেব্রুয়ারি তাঁর লাশ ভুট্টা খেতের ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। পিবিআই তদন্তের পর পাঁচজনকে গ্রেপ্তার করে।







