মাত্র ১১ বছর বয়সে জাপানের ইউকি কুরিহারা এশিয়ান গেমসে পুয়ো পুয়ো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। ফাইনালে তিনি দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দংশিনকে ১০-২ ব্যবধানে পরাজিত করেন। এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডের ২৮ বছর বয়সী তানারাক ওয়ংকিতকুনকেও ১০-১ ব্যবধানে হারিয়েছিলেন তিনি। এই জয়ের মাধ্যমে কুরিহারা জাপানের ইতিহাসে এশিয়ান গেমসে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে নিজের নাম লিখিয়েছেন।
এত বড় সাফল্য সত্ত্বেও কুরিহারার মধ্যে উচ্ছ্বাস তেমন দেখা যায়নি। তিনি জানান, লজ্জা পাওয়ার কারণে তিনি ঠিকমতো অভিব্যক্তি প্রকাশ করতে পারেননি। তবে সোনার পদক হাতে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং পদকটি খুব সুন্দর, চকচকে ও ভারী বলে মন্তব্য করেন। এছাড়াও, এশিয়ান গেমসের স্মারক হিসেবে পাওয়া সোনালি রঙের প্লাশ খেলনাটিও তার খুব পছন্দ হয়েছে।









