রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা ডিবি গুলশান বিভাগের একটি দল সেগুনাবাগিচায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে ওই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের আবাসন প্রকল্প এলাকায় হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে ও মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় প্রকল্পের কর্মকর্তা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।



