সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় তিনি উল্লেখ করেছেন, জামিনে মুক্তি পেলে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে তার কোনো আপত্তি নেই। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতার কথাও বলা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা। আদালত তার জবানবন্দি গ্রহণ করেছেন। আপসনামায় বলা হয়েছে, ঘটনার পর সন্দেহের বশে মামলা করা হলেও পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আপস হয়েছে।



