রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের 'সাথী' থাকার অভিযোগ উঠেছে। সংগঠনটি তার বিরুদ্ধে নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণসহ একাধিক অভিযোগ এনেছে। প্রায় এক বছর আগে তার 'সাথী' পদ বাতিল করা হলেও সম্প্রতি একটি চিঠির মাধ্যমে বিষয়টি সামনে আসে।
শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে দেওয়া চিঠিতে আম্মারের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে তার বিরুদ্ধে মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, অবৈধ আর্থিক লেনদেন এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে। তবে আম্মার বরাবরই ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।




