সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি অডিও ফাঁসের জেরে ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে ওই অডিওটি ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে তাকে ডিবিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রশাসনিক কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার রাকিবুল হাসানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয় এবং ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, 'শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে, কিচ্ছু হবে না। আপনারা চিন্তাও করতে পারতেছেন না রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল।' তিনি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়েও মন্তব্য করেন।






