বলিউড অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি তাঁর বিয়ের আনুষ্ঠানিক ছবি বা ভিডিও প্রকাশ্যে না আনার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, বিয়ে তাঁর কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয়, তাই এটিকে জনসমক্ষে ঘোষণা করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি। তাপসী তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনকে সবসময় আলাদা রেখেছেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে ঘোষণা দেওয়ার পথে তিনি কখনোই হাঁটেননি।
অভিনেত্রী আরও বলেন, স্বামী ম্যাথিয়াস বোয়ে বিনোদন জগতের কেউ নন, তিনি ডেনমার্কের একজন প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়। তাই তাপসী তাঁর তারকা পরিচয়ের কারণে স্বামী ও তাঁর পরিবারকে অযাচিত জনসাধারণের নজরদারির মধ্যে ফেলতে চাননি। তিনি মনে করেন, একজন অভিনেত্রী হিসেবে তাঁর কাজ নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তা যেন স্বামী ও তাঁর পরিবারের ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে। প্রায় এক দশক সম্পর্কে থাকার পর ২০২৪ সালে উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাপসী ও ম্যাথিয়াস।







