উপস্থাপনা, নৃত্যশিল্পী ও স্থপতি রুহানী সালসাবিল (লাবণ্য) সম্প্রতি ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞতা তাকে শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, যখন তিনি নিজেও প্রতিযোগিতায় অংশ নিতেন। তিনি বলেন, ছোটবেলায় ভরতনাট্যমের মহারথি বেলায়েত স্যারকে বিচারক হিসেবে পেয়েছি, আজ তার পাশের চেয়ারে বসে বিচারক হতে পেরে আমি আনন্দিত ও আবেগাপ্লুত।
নিজের নৃত্যজীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে রুহানী জানান, ২০১০ সালে সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে বিটিভিতে এনলিস্টেড হওয়ার পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বর্তমান প্রজন্মের শিশুদের নৃত্যদক্ষতার প্রশংসা করে তিনি বলেন, তারা আমাদের সময়ের চেয়ে অনেক বেশি পারদর্শী। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি উপস্থাপনা ও স্থপতি হিসেবেও তিনি নিয়মিত কাজ করছেন। তবে সবকিছুর ঊর্ধ্বে তিনি পরিবার ও একমাত্র সন্তান শীর্ষকে ঘিরে স্বপ্ন দেখেন।







