বাবা শাকিব খানের সঙ্গে জন্মদিনের কেক কেটে বিশেষ মুহূর্ত উদযাপন করেছে আব্রাম খান জয়। বাবার সঙ্গে জন্মদিন পালনের সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও জয়ের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ভিডিওটির সঙ্গে আবেগমাখা একটি বার্তাও দেওয়া হয়েছে, যেখানে জয় বাবাকে উদ্দেশ্য করে লিখেছে, ‘পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।’
ছেলের বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে পিছিয়ে ছিলেন না শাকিব খানও। কালো কোটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়।







