২০১৬ সালে প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হওয়ার ঘটনায় কিম কার্দাশিয়ানকে ১ ইউরো (প্রায় ১.১৫ ডলার) ক্ষতিপূরণ দিয়েছে আদালত। এই তারকা নিজেই এই পরিমাণ ক্ষতিপূরণ চেয়েছিলেন। ডাকাতির ঘটনাটিকে তিনি তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। আদালত আটজনকে দোষী সাব্যস্ত করার পর কার্দাশিয়ান এই স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী জানান, আদালত ওই হোটেল দ্য পোরতালেস-এর এক সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণ দিয়েছে। ডাকাত দল যখন কার্দাশিয়ানকে টার্গেট করে, তখন তিনি ওই হোটেলেই অবস্থান করছিলেন। ওই রিসেপশনিস্ট জানান, ২০১৬ সালের ২ অক্টোবর 'ফ্যাশন উইক' চলাকালে গয়না ডাকাতির এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আদালত ওই হোটেলকেও ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দিয়েছে।





