বলিউড তারকাদের, বিশেষ করে নারী অভিনেত্রীদের পাপারাজ্জিদের অশালীন ছবি তোলার প্রবণতা নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন সালমান খান। এবার তার সেই সতর্কবার্তার রেশ ধরে প্রখ্যাত কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানও সোচ্চার হলেন। মুম্বাইয়ে পাপারাজ্জিরা ছবি তুলতে এলে তিনি তাদের সালমানের বার্তার কথা মনে করিয়ে দেন।
ফারাহ খান বলেন, ‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন। কোনোভাবেই যেন অশোভন বা আপত্তিজনক কোণ থেকে ছবি তোলা না হয়।’ এর আগে ‘বিগ বস ২০’ অনুষ্ঠানে সালমান খানও নারী তারকাদের অস্বস্তিকর ছবি তোলার তীব্র সমালোচনা করেছিলেন।




