ইংলিশ পেসার মার্ক উড দীর্ঘদিনের চোটের সঙ্গে লড়াই করে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ১১ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া উড ১৪৬ ম্যাচে ৩৮ টেস্টে ১১৯ উইকেটসহ মোট ২৫৩ উইকেট নিয়েছেন। তিনি ২০১৯ ও ২০২২ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে নিয়মিত খেলতে পারছিলেন না উড। সর্বশেষ অ্যাশেজ সিরিজে ফেরার চেষ্টা করলেও আবারও চোট পান। চোটের লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়া উড মনে করছেন, এটাই অবসরের সঠিক সময়। তিনি বলেন, 'আমি কখনোই ইংল্যান্ডের হয়ে খেলা ছেড়ে দিতে চাইনি, তবে এখন নতুন খেলোয়াড়দের সুযোগ পাওয়া উচিত।'







