কানাডার ফেডারেল সরকারের জনবল গত দুই বছরে ২৩ হাজারেরও বেশি কমেছে। সংসদীয় বাজেট কর্মকর্তা (পিবিও)-এর বিশ্লেষণ অনুযায়ী, সরকারি ব্যয় কমানো ও জনবল পুনর্গঠনের উদ্যোগের মধ্যে এই হ্রাস ঘটেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ফেডারেল সরকারের কর্মীর সংখ্যা প্রায় ৩ লাখ ৪৫ হাজারে নেমে এসেছে, যা দুই বছর আগের তুলনায় প্রায় ৬.৫ শতাংশ কম।
সবচেয়ে বেশি কর্মী কমেছে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ), ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি), এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা এবং হেলথ কানাডায়। জনবল কমানোর অংশ হিসেবে সরকার আর্লি রিটায়ারমেন্ট ইনসেনটিভ (ইআরআই) কর্মসূচি চালু করেছে, যার আওতায় যোগ্য কর্মীরা পেনশন-হ্রাসের মুখোমুখি না হয়ে আগাম অবসরের সুযোগ পাচ্ছেন।



