লিভারপুল ছেড়ে তুরস্কের ত্রাবজোনস্পোরে যোগ দিয়েই নিজের চেনা রূপ দেখাচ্ছেন মোহামেদ সালাহ। তুর্কি ক্লাবের জার্সিতে আগুনে ফর্মে থাকা এই মিসরীয় সুপারস্টার এবার তুলে নিলেন দারুণ এক হ্যাটট্রিক। শুধু হ্যাটট্রিকই নয়, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরো একটি গোল। সালাহর এমন রাজকীয় নৈপুণ্যে ভর করে তুর্কি সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালাতাসারেইকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ত্রাবজোনস্পোর।
এই ম্যাচের আগে টানা ৫ ম্যাচে অপরাজিত (৪ জয় ও ১ ড্র) থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছিল শক্তিশালী গালাতাসারেই। ম্যাচ হেরেও তারা শীর্ষে টিকে থাকলেও তাদের অপরাজিত থাকার ধারা চূর্ণ করে লিগে প্রথম হারের স্বাদ দিল ত্রাবজোনস্পোর। অন্যদিকে, সমান ৬ ম্যাচে ৩ জয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে সালাহর দল।








