আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য একটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেটো’ এই খবর জানিয়েছে।
বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে এই হাসপাতাল কমপ্লেক্সটি গড়ে উঠবে, যেখানে বছরে অন্তত ৪০০ শিশুর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য সমন্বিত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। এর আগেও মেসি শিশুদের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন দাতব্য কাজে যুক্ত ছিলেন, যার মধ্যে লিউকেমিয়া গবেষণা ও অপুষ্টি মোকাবিলায় সহায়তা উল্লেখযোগ্য।






