ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও স্বার্থ সরাসরি হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের শীর্ষ অপারেশনাল সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
ইরানি সামরিক বাহিনী আরও স্পষ্ট করেছে যে তারা নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করবে না। তবে শত্রুপক্ষ যদি তাদের ওপর কোনো যুদ্ধ চাপিয়ে দেয়, তবে দেশের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হলো।




