রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়েছেন যে রাশিয়া ইউরোপের কোনো দেশের সঙ্গে যুদ্ধ বা সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে না। সম্প্রতি ইউরোপের কিছু দেশ রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, উত্তেজনা বাড়ানোর মতো কোনো বাস্তব কারণ রাশিয়ার নেই। তিনি ইউরোপের সেসব দেশের ধারণার সমালোচনা করেন যারা মনে করছে রাশিয়া তাদের আক্রমণ করতে পারে এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত।
পুতিন জোর দিয়ে বলেন, ইউরোপের সঙ্গে কোনো শত্রুতা বা যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউরোপের অনেক দেশ তাদের মাটিতে রুশ হামলার আশঙ্কা করছে। এদিকে, রাশিয়ার অভ্যন্তরে সম্প্রতি ইউক্রেন হামলার পর মস্কো শান্তি আলোচনা পুনরায় শুরু করা যায় কিনা তা বিবেচনা করছে। পুতিন জানান, আলোচনার প্রস্তাবগুলো নিয়ে ভাবার সুযোগ রয়েছে, তবে ইউক্রেনের সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তারা বুঝেশুনেই পরবর্তী পদক্ষেপ নেবেন।




