বিশিষ্ট সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন নারী উদ্যোক্তার উঠে আসার গল্পের সংকলন ‘চলো এগিয়ে যাই’ প্রকাশিত হয়েছে। দেশ পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা, লেখক, কবি, সাংবাদিক, সৌন্দর্য বিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আফরোজা পারভীন শুধু উদ্যোক্তাদের তুলে আনেননি, বরং তাঁদের স্বাবলম্বী হতে ও সমাজে ভূমিকা রাখতে মানসিক শক্তি জুগিয়েছেন। একসময় যারা ঘরে কথা বলতেও সাহস পেতেন না, তাঁরা এখন পরিবার ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে কানিজ আলামাস খান, সংগীতা আহমেদ এবং ফারজানা খান নারী উদ্যোক্তাদের পথচলার বিভিন্ন বাধা এবং তাঁদের অগ্রযাত্রার প্রশংসা করেন।





