ভারত বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যের ওপর অ্যান্টিডাম্পিং শুল্কের হার নতুন করে নির্ধারণ করেছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানভেদে এই শুল্কহার ভিন্ন হবে। তালিকাভুক্ত ৫৫টি প্রতিষ্ঠানের জন্য শুল্কের হার তুলনামূলক কম হলেও, তালিকার বাইরের প্রতিষ্ঠানগুলোর পাটের সুতা বা টুইনের ওপর টনপ্রতি ৪৪৫ ডলার পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ গত ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন এই শুল্ককাঠামোয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আলাদা হার নির্ধারণ করা হয়েছে। ফলে একই পণ্য রপ্তানি করলেও উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে শুল্কের পরিমাণ ভিন্ন হবে। বৈধ বাণিজ্যিক চালান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঘোষণা থাকলে নির্দিষ্ট শুল্কসুবিধা পাওয়া যাবে, অন্যথায় সকল উৎপাদনকারীর জন্য নির্ধারিত উচ্চ শুল্ক প্রযোজ্য হবে।




