রাজধানীর গণপরিবহন আধুনিকায়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ৪০০ ইলেকট্রিক বাস সংযোজন প্রকল্প নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ডিপো নির্মাণ ও অর্থায়ন কাঠামোর জটিলতায় প্রকল্পটির গতি মন্থর হয়ে গেছে। বিশ্বব্যাংকের মডার্নাইজেশন প্রোগ্রামের ২৯০ মিলিয়ন ডলারের মধ্যে ডিটিসিএ ১৭৫ মিলিয়ন ডলার পাচ্ছে। বাস ক্রয়ের জন্য বিশ্বব্যাংকের নিয়ম মেনে উন্মুক্ত টেন্ডার আহ্বান করা হবে, তবে ডিপো প্রস্তুত না হওয়া পর্যন্ত টেন্ডার শুরু হচ্ছে না। পরামর্শকদের মতে, আগামী বছরের শেষ নাগাদ টেন্ডার কার্যক্রম শুরু হতে পারে।
প্রকল্পের আওতায় বাসগুলো একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হবে এবং পরে অপারেটরদের কাছে লিজ দেওয়া হবে। তিনটি বা চারটি রুটে ফ্র্যাঞ্চাইজি মডেলে বাসগুলো পরিচালিত হবে, যেখানে বাস অপারেটররা চালাবেন এবং ভাড়ার টাকা সংগ্রহের জন্য পৃথক ব্যবস্থা থাকবে।




