জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সরকারিভাবে নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগেই ঢাকা মহানগরের কোনো কোনো বাসে পাঁচ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। সর্বনিম্ন ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রুট ঘুরে দেখা গেছে, বাসে ওঠার সময়ই যাত্রীদের সতর্ক করে চালকের সহকারী (হেলপার) বলছেন, ‘আজকে কিন্তু ভাড়া বেশি।’ বাড়তি ভাড়া দিতে রাজি না হওয়ায় কোথাও কোথাও যাত্রীদের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটিও হচ্ছে।
বেলা পৌনে ১১টার দিকে শনির আখড়া বাস স্টপেজে কয়েকটি বাস গুলিস্তান পর্যন্ত চলাচল করে। এসব বাসের চালকেরা জানান, তেলের দাম বাড়ার পর বেশ কিছুদিন আগে গ্যাসে রূপান্তর করা হয়েছে। তাই তাঁরা আগের ভাড়াই নিচ্ছেন। তবে সাইনবোর্ড থেকে সাভার রুটে চলাচলকারী লাব্বাইক পরিবহনে গতকাল সোমবার রাত থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন বাসচালকের সহকারী।




